নির্বাচনী বাস্তবতা নিয়ে প্রশ্ন তুললেন মেয়র পদপ্রার্থী নিলা ইসরাফিল
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিস্থিতি নিয়ে তার ফেসবুক এক পোষ্টে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নিলা ইসরাফিল। তিনি মনে করেন, দেশের জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার ও পেশাজীবীদের নির্বাচন পর্যন্ত—সবখানেই অংশগ্রহণ, নিরপেক্ষতা ও আস্থার সংকট ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৩ ও ১৪ মে ঢাকায় সুপ্রিম কোর্ট বার ভবনে অনুষ্ঠিত ওই নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী। অথচ দুই দিনে ভোট দিয়েছেন মাত্র ৪ হাজার ৪৮ জন, যা মোট ভোটারের প্রায় ৩৬ দশমিক ৪৮ শতাংশ। প্রথম দিনেই ভোট পড়েছিল ১৬ শতাংশেরও কম। তিনি পোষ্টে আরও উল্লেখ করেন, নির্বাচন ঘিরে বিভিন্ন পক্ষ থেকে ডিজিটাল জালিয়াতি, প্রভাব বিস্তার ও অনিয়মের অভিযোগ উঠেছে। এমনকি ২০২৪ সালের সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিটও করা হয়েছিল। নিলা ইসরাফিল বলেন, “এই ঘটনাগুলো শুধু একটি বার নির্বাচনের চিত্র নয়, বরং বাংলাদেশের সামগ্রিক নির্বাচনী বাস্তবতারই প্রতিফলন।” একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে নিজের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার ভাষায়, “আমি যদি আগামী দিনে মেয়র নির্বাচন করতে চাই, তাহলে কি শুধুই ফেসবুকে কথা বলে বা মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়ে সেই জায়গায় যাওয়া সম্ভব?” তিনি বলেন, মানুষের ভালোবাসা ও পরিচিতি গুরুত্বপূর্ণ হলেও সেটাই যথেষ্ট কি না, তা নিয়েও তিনি ভাবছেন। “সত্যিকার অর্থে আমার নিজের ভেতরে সেই সক্ষমতা, ধৈর্য, রাজনৈতিক প্রজ্ঞা ও জনগণের জন্য কাজ করার যোগ্যতা তৈরি হয়েছে কি না—সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন,” বলেন তিনি। মেয়র হওয়াকে শুধু একটি পদ বা পরিচয়ের বিষয় নয় উল্লেখ করে নিলা ইসরাফিল বলেন, “এটা মানুষের দায়িত্ব নেওয়ার বিষয়। হাজারো মানুষের আশা, সমস্যা, কষ্ট ও ভবিষ্যৎ নিজের কাঁধে তুলে নেওয়ার বিষয়।” সবশেষে তিনি জনগণের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, “বাংলাদেশে কি এখনো এমন একটি নির্বাচনী পরিবেশ আছে, যেখানে একজন নতুন মানুষ সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে, সত্যিকারের জনগণের জন্য কাজ করার স্বপ্ন নিয়ে নির্বাচনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে লড়াই করতে পারে? আর আপনারা কি মনে করেন, আমি সত্যিই সেই পথের জন্য প্রস্তুত?”
What's Your Reaction?