মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

May 29, 2026 - 00:23
May 29, 2026 - 00:25
 0  11
মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে দুর্দান্তভাবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুরুতে দাপুটে পারফরম্যান্স দেখালেও ম্যাচের মাঝপথে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে মারিয়া মান্দার দল। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসে ভর করেই জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরুটা ছিল রীতিমতো স্বপ্নের মতো। খেলা শুরুর মাত্র ১১ সেকেন্ডের মাথায় মালদ্বীপের জালে বল জড়িয়ে ইতিহাস গড়েন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। কিক-অফের পর অধিনায়ক মারিয়া মান্দার নিখুঁত পাস থেকে বল পান ঋতুপর্ণা চাকমা। দ্রুত বক্সে ঢুকে বল বাড়িয়ে দেন আনিকার কাছে, আর দারুণ ফিনিশিংয়ে গোল করে জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম গোল উদযাপন করেন তিনি। শুরুর এমন দ্রুত গোলের পর ধারণা করা হচ্ছিল মালদ্বীপকে বড় ব্যবধানে হারাবে বাংলাদেশ। কিন্তু মালদ্বীপের গোলরক্ষক ফাতহিমাত সাওসান একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উমেলাহ মারমা। তবে প্রথমার্ধের শেষ দিকে কিছুটা অসতর্কতায় গোল হজম করে বাংলাদেশ। গোলরক্ষক মিলি সামনে এগিয়ে আসলে তার মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান কমায় মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে ম্যাচে আরও নাটকীয়তা যোগ হয়। আফিদার দুর্বল ড্রিবলিং থেকে বল পেয়ে সহজ শটে সমতা ফেরান মালদ্বীপের আমিনাত ফাজলা। ২-২ সমতায় কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে ছয় মিনিট পরই আবারও এগিয়ে যায় লাল-সবুজের দল। মালদ্বীপের গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে আসা বল জালে পাঠিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন সুরভি আকন্দ প্রীতি। এরপর ইনজুরি সময়ে ঋতুপর্ণা চাকমার কর্নার থেকে কোহাতি কিসকুর হেডে আসে বাংলাদেশের চতুর্থ গোল, যা নিশ্চিত করে দাপুটে জয়। মালদ্বীপের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে এটি বাংলাদেশের টানা চতুর্থ জয়। যদিও আগের ম্যাচগুলোর তুলনায় এবার কিছুটা কঠিন লড়াই করতে হয়েছে মারিয়া মান্দাদের। তবুও গুরুত্বপূর্ণ এই জয়ে আত্মবিশ্বাস নিয়েই সেমিফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশ নারী ফুটবল দল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow