চৌহালীতে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক, ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ
সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম সরকারি সফরের অংশ হিসেবে দিনব্যাপী যমুনাবিধৌত চৌহালী উপজেলা পরিদর্শন করেছেন। সফরকালে তিনি যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করেন। একই সঙ্গে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে চৌহালী উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারের মাঝে ৪২ বান্ডিল ঢেউটিনের বিপরীতে প্রতি বান্ডিলের জন্য ৩ হাজার টাকা হিসেবে মোট ১ লাখ ২৬ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি তাদের মাঝে চাল ও শুকনো খাবারও বিতরণ করা হয়। এছাড়া নদীগর্ভে বসতভিটা হারানো আরও ১৫টি পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
একই সঙ্গে ১৩৩টি পরিবারের প্রত্যেকের মাঝে ৩০ কেজি করে চাল ও শুকনো খাবার বিতরণ করেন জেলা প্রশাসক। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। পরে শিশুদের মাঝে ক্রীড়াসামগ্রী ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ এবং পুকুরিয়া কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের একটি শ্রেণিকক্ষে পাঠদানেও অংশ নেন, যা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহের সৃষ্টি করে। পরবর্তীতে তিনি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিস এবং চৌহালী থানা পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারি সেবার মান আরও উন্নত করার নির্দেশনা দেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হেকমত আলীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোছা. শাহনাজ পারভীন, চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হাবিবুর রহমান (হাবলু), চৌহালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিন, কারিগরি কলেজের অধ্যক্ষ আহসান হাবীব দুলালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
What's Your Reaction?