সাভারের সেই ‘প্রেশার কুকার বোম’ বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয়
ঢাকার সাভারের সাধাপুর এলাকার মসজিদ মাঠে পড়ে থাকা কালো স্কচটেপে মোড়ানো প্রেশার কুকারটিকে শক্তিশালী বোমা হিসেবে শনাক্ত করেছে পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাটি জনশূন্য করে বোমাটি নিষ্ক্রিয় করে।
বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় দূর থেকে বিকট শব্দ এবং সাদা ধোঁয়া উড়তে দেখা যায়।
সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, দুপুর ৩টা ২৮ মিনিটের দিকে ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করেছে।
এর আগে, সাভারের সাধাপুর এলাকায় একটি মসজিদের খোলা মাঠে কালো স্কচটেপে পেঁচানো একটি প্রেসার কুকার পড়ে থাকতে দেখা যায়।
ইমরান হোসেন বলেন, গত রাতে সাধাপুর গোপের বাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয়রা একটি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড়চোপড়, কোরআন শরীফসহ স্কচটেপ মোড়ানো একটি প্রেসার কুকার দেখতে পান। পরে স্থানীয় লোকজন ড্রাম থেকে বোমাসদৃশ প্রেসার কুকারটি মসজিদের মাঠে রেখে দেন।
তিনি আরো বলেন, খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে এটি বোম মনে করে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়।
What's Your Reaction?