দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের

Jun 4, 2026 - 00:36
 0  14
দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা এখনো চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলা উদ্বোধন উপলক্ষে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে তিনি নবগঠিত ভুল্লি উপজেলা উদ্বোধন অনুষ্ঠানেও অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, একটি মহল এখনো দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সরকারের কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। ইতোমধ্যে ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়েছে। আগামী বছর থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালুর প্রস্তুতি চলছে। পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে। রুহিয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এই দিনে এলাকার উন্নয়নে অবদান রাখা প্রয়াত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের স্মরণ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, তাঁদের অবদান স্থানীয় জনগণ দীর্ঘদিন মনে রাখবে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, মাদক থেকে দূরে থেকে নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বালিয়া, দেবীপুর, শুখানপুকুরী, আউলিয়াপুর ও বড়গাঁও ইউনিয়ন নিয়ে ভুল্লি উপজেলা এবং রুহিয়া, আখানগর, ঢোলরহাট, রাজাগাঁও, পশ্চিম রুহিয়া ও সেনুয়া ইউনিয়ন নিয়ে রুহিয়া উপজেলা গঠিত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow