ঈদে দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেল ৯ সিনেমা

May 29, 2026 - 00:47
 0  11
ঈদে দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেল ৯ সিনেমা

প্রতি বছরের মতো এবারও ঈদকে ঘিরে দেশের চলচ্চিত্রাঙ্গনে বইছে উৎসবের আমেজ। দর্শকদের বিনোদন দিতে এবারের ঈদে একসঙ্গে মুক্তি পেয়েছে ৯টি নতুন সিনেমা। বড় বাজেট, ভিন্নধর্মী গল্প এবং জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে সিনেমাগুলো ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। দেশের প্রায় দেড় শতাধিক প্রেক্ষাগৃহে সিনেমাগুলো প্রদর্শিত হচ্ছে।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্য অনুযায়ী, এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো হলো— ‘রকস্টার’, ‘মাসুদ রানা’, ‘রইদ’, ‘মালিক’, ‘বনলতা সেন’, ‘পিনিক’, ‘তছনছ’, ‘অফিসার’ এবং ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তি পাওয়া দর্শকদের জন্য ইতিবাচক হলেও ভবিষ্যতে প্রযোজকদের জন্য এটি কিছুটা ঝুঁকির কারণ হতে পারে।

এবারের ঈদের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘রকস্টার’। শাকিব খান অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। মুক্তির আগেই সিনেমাটির গান, টিজার, পোস্টার ও অ্যানিমেশন দর্শকদের নজর কাড়ে। সেন্সর ছাড়পত্র পাওয়া এই সিনেমাটি প্রায় ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলে জানা গেছে।

ঈদের আরেক বড় আকর্ষণ স্পাই থ্রিলারধর্মী সিনেমা ‘মাসুদ রানা’। সৈকত নাসির পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা করেছে impress-group এবং jaaz multimedia । এতে অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরী ও সৈয়দা তিথি অমনি। সিনেমাটির পোস্টার, গান ও ট্রেলার আগেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

হাওয়া’ খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন এবার নিয়ে এসেছেন নতুন সিনেমা ‘রইদ’। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান ও গাজী রাকায়েতসহ আরও অনেকে। অন্যদিকে ‘মালিক’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। মুক্তির আগে এর ট্রেলার ও গানও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সরকারি অনুদানে নির্মিত ‘বনলতা সেন’ পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে অভিনয় করেছেন নাবিলা ও খায়রুল বাসার।

এছাড়াও মুক্তির তালিকায় রয়েছে ‘পিনিক’, ‘তছনছ’, ‘অফিসার’ এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক গল্প নিয়ে নির্মিত ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’। এসব সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলী, আদর আজাদ, মুন্না খান, ববি হক, ডি এ তায়েব ও মাহিয়া মাহিসহ আরও অনেকে।

একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তি পাওয়ায় এবারের ঈদে প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বৈচিত্র্যময় গল্প ও তারকাবহুল আয়োজনের কারণে ঈদের সিনেমা উৎসব এবার জমজমাট হয়ে উঠবে বলেও মনে করছেন চলচ্চিত্রপ্রেমীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow