মঞ্চে আসছে পালাকারের নতুন নাটক ‘এককোটি মনোয়ারা’
মঞ্চে আসছে নাট্যদল পালাকার-এর নতুন প্রযোজনা ‘এককোটি মনোয়ারা’। বদরুজ্জামান আলমগীরের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন মীর মেহবুব আলম নাহিদ।
আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। পরের দিন শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭টায় একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে এর পরবর্তী দুটি প্রদর্শনী।
গল্পের প্রেক্ষাপট
একটি রুদ্ধদ্বার মিলনায়তন, যা মুহূর্তের মধ্যে রূপ নেয় এক প্রতীকী আদালতে। সেখানে কাঠগড়ায় বিচার চলে নীরব বিবেক, রাষ্ট্র নাকি কোনো ব্যক্তির? দুই আইনজীবীর যুক্তিতর্ক, স্মৃতির অনুরণন ও ইতিহাসের খণ্ডচিত্রের মধ্য দিয়ে উন্মোচিত হয় এক প্রান্তিক শ্রমজীবী আবুল ফজলের হঠাৎ নিখোঁজ হওয়া এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী রোখসানার প্রতীক্ষার গল্প।
নির্দেশক মীর মেহবুব আলম নাহিদ জানান, বাস্তবতা ও প্রতীকের সংমিশ্রণে নির্মিত এই আখ্যান শুধু একটি গল্প বলে না; বরং দর্শককে ক্ষমতা, বিচার, স্মৃতি, মাতৃত্ব ও সামাজিক বাস্তবতার নানা প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। ১৯৫২, ১৯৬৯, ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত জাতির রক্তাক্ত উত্তরাধিকার ও ঐতিহাসিক প্রেক্ষাপট এতে ভিন্ন নাট্যভাষায় উঠে এসেছে।
কুশলী ও কলাকুশলী
- সহযোগী নির্দেশনা: সেলিম হায়দার
- অভিনয়ে: একামণি ঘোষ, মনিষা ঘোষ, ফাহমিদা মল্লিক শিশির, মুনিরা অবনী, চারু পিন্টু, রমিজ পাটোয়ারী, তাজিন বিনতে খালেদ দৃষ্টি, টগর তিহান, তানজিদা ইসরাত জাহান ঋতু ও জ্যাকলিন কাব্য।
- মঞ্চ পরিকল্পনা ও কোরিওগ্রাফি: অনিকেত পাল বাবু
- আলোক পরিকল্পনা: অম্লান বিশ্বাস
- পোশাক পরিকল্পনা: মুনিরা অবনী
- প্রপস পরিকল্পনা: চারু পিন্টু
- আবহ সংগীত: খন্দকার আব্দুল মুকিত ও অজয় দাশ
- ভিডিও পরিকল্পনা: আল সুবায়েল রশীদ নীরব
- প্রযোজনা অধিকর্তা: আমিনুর রহমান মুকুল
What's Your Reaction?