পল্লবীতে ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক ছিনতাইকারী
পল্লবী থানার কালশী মোড়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় মো. মানিক (২৯) নামে এক পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী ট্রাফিক পুলিশ।
শুক্রবার (১৯ জুন) দুপুর আনুমানিক ১২টা ১৩ মিনিটে পল্লবী থানাধীন কালশী মোড়ে এ ঘটনা ঘটে। ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ওই সময় কালশী মোড়ে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সার্জেন্ট এম এস মাহমুদ আলী। এ সময় একটি মাইক্রোবাসের কাগজপত্র যাচাইয়ের জন্য তিনি গাড়িটিকে থামানোর সংকেত দেন।
চালকের সঙ্গে কথা বলার একপর্যায়ে তিনি লক্ষ্য করেন, এক ব্যক্তি গাড়িতে থাকা এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করছে। পরিস্থিতি বুঝে সার্জেন্ট মাহমুদ আলী তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে ধাওয়া করেন।
একপর্যায়ে সাহসিকতা ও তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে তিনি মো. মানিককে হাতেনাতে আটক করতে সক্ষম হন। এ সময় ছিনতাইকৃত মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং তা ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।
আটক ছিনতাইকারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
What's Your Reaction?