ট্রাফিক আইনে কঠোর হচ্ছে ডিএমপি, নম্বর প্লেট ঢাকলেই শাস্তি

Jun 2, 2026 - 15:07
 0  29
ট্রাফিক আইনে কঠোর হচ্ছে ডিএমপি, নম্বর প্লেট ঢাকলেই শাস্তি

রাজধানীর সড়কে প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থাকে ফাঁকি দিতে কোনো ধরনের অসদুপায় অবলম্বন না করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। আনিছুর রহমান বলেন, শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। যেসব যানবাহনের নম্বর প্লেট অস্পষ্ট, ভাঙা, বিকৃত বা ইচ্ছাকৃতভাবে আংশিক ঢেকে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এআই প্রযুক্তির মাধ্যমে নম্বর প্লেট শনাক্ত করে ট্রাফিক আইন প্রয়োগে সহায়তা করা হয়। তবে নম্বর প্লেট বিকৃত বা অস্পষ্ট হলে তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

তিনি আরও জানান, আগে শুধুমাত্র নম্বর প্লেট সংক্রান্ত অপরাধে মামলা করা হলেও এখন চালক ও মালিক উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডিমেরিট পয়েন্ট পদ্ধতিতে চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা হবে এবং আইন অনুযায়ী জরিমানাও আরোপ করা হবে।

প্রেস ব্রিফিংয়ে তিনি একটি সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক মোটরসাইকেল চালক ইচ্ছাকৃতভাবে নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যা ঢেকে রেখে সড়কে চলাচল করছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে ডিএমপি। তদন্তের ভিত্তিতে সিটি ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের একটি দল মো. লাবলু হক (৩৮) নামের ওই মোটরসাইকেল চালককে আটক করে। তিনি তার মোটরসাইকেলের নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যা সাদা স্কচটেপ দিয়ে ঢেকে রেখেছিলেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৭২ ধারায় ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, এআইকে ফাঁকি দেওয়ার এই অভিনব কৌশল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মামলা দেওয়া, জরিমানা করা কিংবা কাউকে শাস্তি দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের প্রধান লক্ষ্য মানুষকে সচেতন করা, যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে আইন মেনে চলে। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করেন, সেক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow