যমুনায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র, চলছে উদ্ধার অভিযান
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের ভাটপাড়া গ্রামে যমুনা নদীতে গোসল করতে নেমে তামিম হোসেন (১৪) নামে সপ্তম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ তামিম ভাটপাড়া গ্রামের লস্কোর আলী মোল্লার ছেলে। সে গাজীপুরের কোনাবাড়িতে বাবার সঙ্গে বসবাস করত এবং সেখানে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করত। ঈদুল আজহা উপলক্ষে সে গ্রামের বাড়িতে এসেছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পরিবারের অন্য ছেলেদের সঙ্গে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে যায় তামিম। সাঁতার না জানা তামিম কোমরসমান পানিতে গোসল করার সময় পাশের এক ৭ বছর বয়সী শিশু গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তামিম নিজেও গভীর পানিতে পড়ে যায় এবং একপর্যায়ে নিখোঁজ হয়ে যায়। পরে অন্যরা শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হলেও তামিমকে আর খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ তামিমের বড় বোন স্বপ্না খাতুন জানান, স্থানীয় লোকজন জেলেদের নৌকা ও জাল দিয়ে দীর্ঘ সময় খোঁজাখুঁজি চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যোগ দেয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও তামিমের সন্ধান মেলেনি।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. শাহজাহান আলী মোল্লা বলেন, “খবর পাওয়ার পরপরই আমাদের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে অভিযানে অংশ নেয়। তবে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও আমরা সফল হতে পারিনি। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।”
এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে নদীর পাড়ে শত শত নারী-পুরুষ ও শিশু ভিড় জমায়। তামিমের নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের বলেন, “ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করে। উদ্ধার অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিল। বৃহস্পতিবারও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে এবং পুলিশ সদস্যরাও সেখানে দায়িত্ব পালন করবেন।
What's Your Reaction?